প্রিন্ট এর তারিখঃ Jul 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 23, 2026 ইং
নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব

নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং জোরদারে পুলিশ সুপারের দিকনির্দেশনা
মোঃ রাফি হোসেন | বিশেষ প্রতিনিধি, নওগাঁ জেলা
নওগাঁ জেলা পুলিশের নিয়মিত শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টায় নওগাঁ পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। পরে তিনি জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে অংশগ্রহণকারী কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে পুলিশ সুপার বলেন, একজন পুলিশ সদস্যের পেশাদারিত্বের অন্যতম পরিচয় হলো পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সেবার মান। তিনি সকল অফিসার ও ফোর্সকে সর্বদা পরিচ্ছন্ন ও সঠিক ইউনিফর্ম পরিধান, স্বাস্থ্য সচেতনতা বজায় রাখা এবং জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ, মানবিক ও পেশাদার আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি ডিউটিরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত নির্দেশনা কঠোরভাবে অনুসরণ, মানসম্মত চেকপোস্ট পরিচালনা, সকল থানায় নিয়মিত প্যারেড আয়োজন এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার জনসাধারণের জন্য আরও উন্নত, দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে সকল সদস্যকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনই বাংলাদেশ পুলিশের প্রধান লক্ষ্য এবং সেই লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি সদস্যকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
প্যারেড সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও সদস্যদের ধন্যবাদ জানান পুলিশ সুপার।
মাস্টার প্যারেড পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার (প্রবি) জনাব অরূপ রতন সরকার। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
নওগাঁ জেলা পুলিশের এই মাস্টার প্যারেডের মাধ্যমে বাহিনীর শৃঙ্খলা, দক্ষতা ও জনসেবার মান আরও সুসংহত হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪